পাটকেলঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, দেশকে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে তরুণ যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের শক্তি, আদর্শ ও নৈতিকতা দিয়েই একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আজ দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির সর্বত্র দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থার পরিবর্তনে নৈতিক ও আদর্শবান নেতৃত্বের পাশাপাশি যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। যে তরুণরা আল্লাহভীতি, দেশপ্রেম ও মানবতার সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসবে, তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধার পর এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ যুব সমাজের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে স্বৈরাচার হটানো সম্ভব হয়েছে যুবকদের বুকের রক্ত দেয়ার কারনে। জাতীকে মুক্ত করার জন্য এই যুবকরাই জীবন দিয়েছিল। তাই আগামী দিনে শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুনদের অগ্রনী ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন,আমাদের নিজেকে সৎ রাখতে হবে, অন্যায় ও অন্যায়ের সহযোগীতা থেকে বিরত থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, তাহলেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব।
সরুলিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম এবং সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, মাও: মোশারফ হোসেন প্রমুখ।